রাজধানীতে সকাল থেকে আকাশভাঙা বৃষ্টি

Passenger Voice    |    ১০:৪০ এএম, ২০২৬-০৪-২৯


রাজধানীতে সকাল থেকে আকাশভাঙা বৃষ্টি

রাজধানীর আকাশে রাত থেকেই জমে ছিল ঘন মেঘ। রাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও ভোরের আলো ফোটার প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ ভেঙে নামে ঝুম বৃষ্টি। এতে করে নগরজীবন কিছুটা স্থবির হয়ে পড়ে।

এমন বৃষ্টি স্বস্তি দিলেও সকাল বাইরে বের হওয়া, বিশেষ করে স্কুল ও অফিসগামীদের ভোগান্তিতেও ফেলেছে। অনেকে ভিজে ভিজেই গন্তব্যের পথে রওনা হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে যানচলাচল ধীর হয়ে পড়ে, বিভিন্ন এলাকায় রাস্তার তৈরি হয় জলাবদ্ধতা।

রাস্তায় বাতাসে অনেকের ছাতা উল্টে যেতে দেখা যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই আবহাওয়াজনিত পরিস্থিতি বিরাজ করতে পারে। এতে করে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সতর্কভাবে চলাচল করতে পারে।

আজ দুপুর পর্যন্ত পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস। 

দুপুর ১টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় বলা হয়, একই ধরনের ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে এই ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।