শিরোনাম
Passenger Voice | ০২:৫৩ পিএম, ২০২৬-০৪-২৮
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়েছে। সমস্যা সমাধান করতে গিয়ে ট্রেনের এক সহকারী লোকোমাস্টার (এএলএম) অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনটির ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ত্রুটি শনাক্ত ও সমাধানের চেষ্টা করতে গেলে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন, তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনী রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সমস্যা সমাধানে দীর্ঘ সময় লাগার কারণে অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে। এরমধ্যে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, ধোঁয়ায় আক্রান্ত ওই রেলকর্মীর মুখমণ্ডল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। সেটি পৌঁছালে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, ফেনী থেকে যেসব যাত্রীরা এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত