সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা জোরদার

Passenger Voice    |    ১২:৫৯ পিএম, ২০২৬-০৪-২৮


সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা জোরদার

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। এর আগে গতকাল সোমবার সকাল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। 

জানা গেছে, জারি করা সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতরে এবং আশপাশের এলাকায় টহল জোরদার করার পাশাপাশি প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।  

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা আসেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।