শিরোনাম
Passenger Voice | ০৩:৪৬ পিএম, ২০২৬-০৪-২৭
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। মূলত বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে বাজারটিতে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে মূল্যসূচকও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৫৬ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু লেনদেনের শেষদিকে বিভিন্ন খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার প্রবণতা ধরে রাখে বেশির ভাগ বিমা কোম্পানি।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭২টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বিমা খাতের ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৭টির দাম কমেছে এবং দুটির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৭৫টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৮টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫টি শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০টির দাম বেড়েছে এবং সাতটির দাম কমেছে ও ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে নেমে গেছে।
প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৮২ কোটি ৪২ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮৪ কোটি ৬২ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৮০ লাখ টাকা।
লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৬ লাখ টাকার। ২২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট এলায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, একমি পেস্টিসাইড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং আনোয়ার গ্যালভানাইজিং।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম তার আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ।
ডিএসইতে শেয়ারের দাম বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড এবং বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ২ পয়সা বা ৮ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে।
এ ছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স (বিডি), রূপালী ব্যাংক, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, বাংলাদেশ অটোকারস, এসিআই ফর্মুলেশনস পিএলসি এবং বঙ্গজ লিমিটেড। অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২১ প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৮ লাখ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত