ভুল ও অপতথ্য মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

Passenger Voice    |    ০৩:২৪ পিএম, ২০২৬-০৪-২৭


ভুল ও অপতথ্য মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।

ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়া জরুরি উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘অপতথ্য ও ভুলতথ্য সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এটা এখন যুদ্ধের মতো হয়ে গেছে। এই সমস্যা যুক্তরাষ্ট্রেও রয়েছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশও এই সমস্যা থেকে বের হতে চায়।’ 

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ভুলতথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ।’ 

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদারসহ দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে তথ্যমন্ত্রী বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপরও জোর দেন।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বিশ্বের সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে  তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর।

তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানান, সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এসব বৈঠক থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা করে কার্যকর একটি কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ তৈরি করা হবে। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিশেষায়িত ক্যাটাগরিতে নিয়মিত বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ ও পেশাজীবীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল এ সময় তথ্যমন্ত্রীকে জানান, ওই ঘটনায় অভিযুক্ত হত্যাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।