শিরোনাম
Passenger Voice | ০৪:১২ পিএম, ২০২৬-০৪-২৪
রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকার মনোয়ার হাসপাতালের সামনে পিকআপভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একটি প্রাইভেট কারের চালক ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হারুনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঠালিয়া এলাকায়। তার বাবার নাম তমিজ উদ্দিন। বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকারের মালিক কাজী লুৎফর জানান, হারুন তার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। রাতের দিকে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় গ্যারেজের সামনে অন্যান্য চালকদের সঙ্গে কথা বলার সময় পেছন থেকে একটি পিকআপভ্যান এসে তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় পিকআপভ্যান ও চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত