শিরোনাম
Passenger Voice | ০১:৩৯ পিএম, ২০২৬-০৪-২৩
বান্দরবান সদরে ছয় রাবার শ্রমিককে অপহরণের পর বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় বলে জানান বাগানের মালিক ইসমাইল।
অপহৃতরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
রাবার মালিক ইসলাইল বলেন, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা তার রাবার বাগানে কাজ করেছেন। প্রতিদিনের মত বুধবারও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন।
হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
পরে তার কাছ থেকে মোবাইলে তাদের মুক্তিপণ হিসেবে বিশ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ দেওয়া না হলে অপহৃত শ্রমিকদের ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, “বুধবার রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। এখন ঘটনাস্থলে আছি, আইনশৃঙ্খলা বাহিনী এসেছে।“
এ বিষয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, “অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা সদস্যদের পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।”
এর আগে মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকেও তিন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত