শিরোনাম
Passenger Voice | ১২:৪১ পিএম, ২০২৬-০৪-২২
আজও বন্ধ রয়েছে রাজশাহী থেকে দূরপাল্লার বাস। ফলে রাজশাহীর কাউন্টারগুলোতে এসে ফিরে যাচ্ছে যাত্রীরা। এনিয়ে দুর্ভাগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতির নেতারা। তবে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবয়াবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, কাল ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজ বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। পরিবার এবং ছোট বাচ্চাকাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে তারা বলতে পারছে না। প্রতিদিন এভাবে এসে বাসায় ফিরে যাওয়া কষ্টকর।
রাজশাহী ও নাটোরের বাস মালিকদের দ্বন্দ্বের জেরে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় বাস। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। কেউ বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায়চালিত গাড়িতে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
রাজশাহী নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঢাকায় জরুরি কাজে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। এসে দেখি কোনো বাস চলছে না। এখন কী করবো বুঝতে পারছি না।
ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেউ কিছু পরিষ্কার করে বলছে না। এভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বসার কথা রয়েছে। আমরাও চাই এই সমস্যা সমাধান হোক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত