শিরোনাম
Passenger Voice | ১০:৫৯ এএম, ২০২৬-০৪-২১
এসএসসি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। আর সকাল সাড়ে ৮টা থেকেই তাদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে সকাল থেকেই দীর্ঘ যানজট শুরু হওয়ায় অনেক পরীক্ষার্থীকে গাড়ি ছেড়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণ বাকি থাকায় অনেকেই পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন। অনেকে আবার অভিভাবককে গাড়িতে রেখেই আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে, কেন্দ্রগুলোর সামনে মাইকিংয়ের মাধ্যমে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। ঘোষণায় বলা হচ্ছে, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে গিয়ে অবস্থান করে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস—বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ—কেন্দ্রে না আনে।
অভিভাবকদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়ে মাইকিংয়ে বলা হচ্ছে, সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে গেটের সামনে ভিড় না করতে এবং দ্রুত স্থান ত্যাগ করতে। গেটের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত