শিরোনাম
Passenger Voice | ১১:২৮ এএম, ২০২৬-০৪-২০
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। তবে অন্য খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমে যায়। ফলে লেনদেনের শুরুর দিকেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের সময় ২০ মিনিট পার হওয়ার আগেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে বিমা খাতের কোম্পানিগুলো। যার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে অল্প সময়ের মধ্যেই সূচক ঊর্ধ্বমুখী হয়।
কিন্তু লেনদেনের শেষ ২ ঘণ্টায় বাজারে এক ধরনের ঢালাও দরপতন হয়। এর মধ্যেও বিমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। অন্য খাতের প্রতিষ্ঠানগুলোর ঢালাও দরপতন হওয়ায় দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্য সূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২৩টির। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১১১টির দাম কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৩টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮টির দাম বেড়েছে এবং ১২টির দাম কমেছে ও ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স তার আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে নেমে গেছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক তার আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান মূল্য সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮১৯ কোটি ২০ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৮০৬ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫ লাখ টাকা।
লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২৫ লাখ টাকার। ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে–রানার অটোমোবাইল, একমি পেস্টিসাইড, ডমিনেজ স্টিল বিল্ডিং, গোল্ডেন সন, ইস্টার্ণ ব্যাংক এবং মীর আক্তার হোসেন লিমিটেড।
গতকাল ডিএসইতে সর্বোচ্চ দাম বেড়েছে রানার অটো মোবাইলসের। কোম্পানিটির শেয়ারের দাম তার আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে জনতা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দাম বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির শেয়ারের দাম ২ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৫ দশমিক ৫৮ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দাম ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে।
ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট মিলস, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, খান ব্রাদাস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড দাম কমেছে।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ১৯ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১ কোটি ৪২ লাখ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত