গাজীপুরে একদিনে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Passenger Voice    |    ১০:৫০ এএম, ২০২৬-০৪-২০


গাজীপুরে একদিনে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

গাজীপুরে একদিনে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মহাসড়ক দুর্ঘটনায় ও একজন পুকুরে ডুবে মারা গেছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় তানভীর ইসলাম আরিয়ান নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী দিনাজপুর সদরের বাসিন্দা সজল ইসলামের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে কেওয়া বাজারের দক্ষিণ পাশে ফখরুদ্দিন টেক্সটাইল সংলগ্ন শফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতো। আরিয়ান স্থানীয় কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় ওই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ভ্যানটি আটক করে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ জানান, এ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনার পর রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সিফাত নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের গাছা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল শিশু সিফাত। এসময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত শিশুটির বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

এদিকে, রোববার বিকেলে গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসার পুকুরে ডুবে আমীর উদ্দিন গাজী (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে। নিহত আমীর উদ্দিন টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র। সে এরশাদনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। 

মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, রোববার আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তার সহপাঠিরা চিৎকার করলে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।