শিরোনাম
Passenger Voice | ০৩:৩৪ পিএম, ২০২৬-০৪-১৯
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়। তবে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা এড়ানো গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও ৪ যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে যান। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে আশপাশের লোকজন প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই আগুনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত