আরও ৬ জেলায় উন্মুক্ত হলো ‘ফুয়েল পাস’

Passenger Voice    |    ০৫:১২ পিএম, ২০২৬-০৪-১৮


আরও ৬ জেলায় উন্মুক্ত হলো ‘ফুয়েল পাস’

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদারে চালু হওয়া ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। এবার ঢাকা জেলার বাইরে আরও কয়েকটি জেলায় মোটরসাইকেল নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

নতুন করে যে জেলাগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো—চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ। এসব জেলায় নিবন্ধিত মোটরসাইকেল এখন থেকে ফুয়েল পাস সিস্টেমের আওতায় নিবন্ধন করা যাবে।

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ঢাকা জেলায় পাইলট কার্যক্রম আরও জোরদার করতে আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণ কামনা করেছে মন্ত্রণালয়। পাশাপাশি ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ জানাতে অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়েছে ওই পোস্টে।