শিরোনাম
Passenger Voice | ০৩:৩৯ পিএম, ২০২৬-০৪-১৬
মাদারীপুরের শিবচরের উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা গিয়াস হাওলাদার (২৮) নামে এক মালয়েশিয়া প্রবাসী কুয়ালালামপুর শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছায়।
নিহত গিয়াস হাওলাদার ওই এলাকার মুত ওহাব হাওলাদারের ছেলে। ৫ ভাই দুই বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন গিয়াস। পথিমধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, গিয়াস হাওলাদার জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়েছেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। আজ রাতে তিনি দেশে ফেরার প্রস্তুতি নেন এবং আসার জন্য বিমানের টিকিটও ক্রয় করেছিলেন। দেশে ফিরে পারিবারিকভাবে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে হঠাৎই ঘটে যায় এই দুর্ঘটনা।
তার বড় ভাই লিটন হাওলাদার জানান, বহুদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আশায় দিন গুনছিলেন তারা। আজ রাতে দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। দেশে এসে বিবাহ করবে, কত স্বপ্ন ছিল কিন্তু সেই আশা আর পূরণ হলো না। বরং প্রবাস থেকে এল তার মৃত্যুর শোকবার্তা।
এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, পরিবারের পক্ষ ঠেকে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত