শিরোনাম
Passenger Voice | ০৫:১৩ পিএম, ২০২৬-০৪-১৫
চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পরিশোধিত ডিজেলবাহী দুটি জাহাজ ভিড়েছে। প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ এবং প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
বুধবার (১৫ এপ্রিল) জাহাজ দুইটি থেকে ডিজেল খালাস শুরু হয়েছে।
বিপিসি, বন্দর ও জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বিকাল থেকে পতেঙ্গার ডলফিন জেটিতে এ দুই জাহাজ থেকে ডিজেল খালাস শুরু হয়েছে।
দেশে চলমান সংকট নিরসনের জন্য পরিশোধিত জ্বালানি আমদানি করেছে সরকার। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে ৩ থেকে ৫টি জাহাজ কোনো না কোনো জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে।
এর আগে প্লেনের জ্বালানি জেট ফুয়েল (Jet A-1) নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি। প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল রয়েছে ওই জাহাজে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করা হয়, যা বুধবার সকাল পর্যন্ত চলমান ছিল।
জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পর কিছু জ্বালানি লাইটারেজ প্রক্রিয়ায় খালাস করা হয়। এরপর তা আনা হয় জেটিতে। পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় ডলফিন জেটিতে জ্বালানি তেল খালাস করা হয়।
দুটি জাহাজে ডিজেল আসার কথা নিশ্চিত করে বিপিসির সচিব শাহিনা সুলতানা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে চলমান জ্বালানি সংকট নিরসনের জন্য বিকল্প উৎস থেকে আমদানি করা হচ্ছে। এর অংশ হিসেবে একের পর এক জাহাজে জ্বালানি আসছে চট্টগ্রাম বন্দরে। ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ এবং ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত