শিরোনাম
Passenger Voice | ১২:৫৯ পিএম, ২০২৬-০৪-১৫
কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির ‘ক্ষণিকা’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা দিয়েছে। এতে অন্তত ৮জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে মগবাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, বাসটি সকাল ৯টার কিছুক্ষণ পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রেইনবো ক্রসিংয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে দুমড়ে-মুচড়ে দিয়ে মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ফ্লাইওভার থেকে নামার আগেই বাসটির চাকা ব্লাস্ট হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বাসের সামনের অংশে থাকা শিক্ষার্থী এবং যেই মাইক্রোবাসে ধাক্কা লেগেছে, তাদের অবস্থা তুলনামূলক গুরুতর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত