শিরোনাম
Passenger Voice | ১২:৩৪ পিএম, ২০২৬-০৪-১৩
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পেতে ইরানকে অনুরোধ করেছে ঢাকা। রোববার (১২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদে যাতায়াতের বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
এদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ইরানি রাষ্ট্রদূত।
সেখানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধাবস্থার কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করবো এবং বাংলাদেশের জাহাজ ছাড়ার ব্যবস্থা করবো। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। গত বুধবার ভোরে ইরান–যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। তবে বৃহস্পতিবার রাতে জাহাজটির নাবিকেরা ইরানি বাহিনীর কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাইলেও তা পাননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত