নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৫ লিটার অকটেন জব্দ

Passenger Voice    |    ০৪:৩৮ পিএম, ২০২৬-০৪-১১


নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৫ লিটার অকটেন জব্দ

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানে সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা হয়।

এছাড়া একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া সার ও ৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা জ্বালানি তেল ও সার সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক মো. ফয়জুল কবির বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল মজুত, পাচার ও কালোবাজারি রোধে অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।