সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Passenger Voice    |    ০৫:২১ পিএম, ২০২৬-০৪-১০


সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। 

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজারসংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার তিন বাংলাদেশি মাদকের চালান আনার উদ্দেশে প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। পরে তারা খাসিয়াদের সুপারি বাগানে অবস্থান করলে সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে খাসিয়ারা। এ সময় মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা মো. সুমন মিয়া (২৫) ও  মো. মাসুম আহম্মদ (২০) মরদেহ বাংলাদেশে নিয়ে আসে। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার কারবালার টুক ও নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী তিনজনই এর আগে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ভারতীয় খাসিয়াদের গুলিতে মারা গেছেন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে।