শিরোনাম
Passenger Voice | ১২:০৫ পিএম, ২০২৬-০৪-১০
নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরির মামলায় আরাফাত শিকদার (৩০) নামের সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) উপজেলার গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করা হলে আদালত আরাফাতকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গ্রেপ্তার আরাফাত শিকদার বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মৃত শিকদার বাদশা মিয়ার পুত্র।
মামলাসূত্রে জানা যায়, গাড়ফা গ্রামের সাজিদ রায়হানের বাড়িতে নির্মান কাজ চলছে। গেল ২৪ মার্চ আসামীরা বৈদ্যুতিক তার, বাথরুম ও টয়লেটের প্লাস্টিকের পাইপ, জি.আই ফিটিংস, পি.ভি.সি দরজা, প্লাস্টিকের দরজা, বৈদ্যুতিক মোটর চালিত পাম্প, সিড়ি তৈরীর রড, সেনিটারি পাইপ, বাথরুমের দরজা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গেল ২ এপ্রিল সাজিদ রায়হান বাদী হয়ে আরাফাত শিকদার, নাদিম মোল্লা ওরফে রাকিব মোল্লা ও সালাউদ্দিন মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি চুরির মামলা করেন। মামলা নং- ০১।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লাহাট থানার উপ-পরিদর্শক আল আমিন খান বলেন, এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় অন্য তিন আসামীকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত