ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আসছে, রেল বহর বাড়ানোর পরিকল্পনা

Passenger Voice    |    ১২:১২ পিএম, ২০২৬-০৪-০৯


ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আসছে, রেল বহর বাড়ানোর পরিকল্পনা

ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে এদিন সংসদে জানিয়েছেন রেলপথ মন্ত্রীর দায়িত্বে শেখ রবিউল আলম। তিনি বলেন, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ এসব কোচ সরবরাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ি হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত রেলগাড়ি পরিচালনার বিষয়ে পরিকল্পনা রয়েছে কিনা—এ প্রশ্নের উত্তরে তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এসব ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। কোচগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার জন্য রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। এছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে রাজশাহী হয়ে পদ্মা এক্সপ্রেসে ঢাকা যাতায়াতের সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে ইঞ্জিন, কোচ ও ক্রুর সংকট রয়েছে। এ কারণে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি প্রতিদিন ৭ থেকে ৮টি মালবাহী ট্রেন পুশব্যাক করতে হচ্ছে।