শিরোনাম
Passenger Voice | ১১:১১ এএম, ২০২৬-০৪-০৪
রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার চালক ও এক যাত্রী মারা গেছে। মৃত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তিনি কদমতলির মুরাদপুর এলাকায় থাকতেন। তবে যাত্রীর পরিচয় সনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দু'জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাচা বাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি ব্যাটারি চালিত রিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন আর আটক করেন ট্রাকটির চালাককে। এরপর ওই দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।
তিনি আরো জানান, আটকের পর ট্রাক চালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানান, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সাথে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাক ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। তবে যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায় নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত