শিরোনাম
Passenger Voice | ১০:৪৯ এএম, ২০২৬-০৪-০২
কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্বিতণ্ডা ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন, দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি আব্দুল আলীম।
সাংবাদিক আব্দুল আলীম জানান, তাঁর এক আত্মীয়ের নামজারি-সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে ঘোরাঘুরির পর বুধবার শুনানির তারিখ নির্ধারিত ছিল। সেই শুনানিতে উপস্থিত থাকতে তিনি সহকর্মী রাসেল সরকারকে সঙ্গে নিয়ে ভূমি অফিসে যান। সাংবাদিক আলীম অভিযোগ করেন, সকাল থেকে অপেক্ষা করার পর দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের কাছে শুনানি হবে কি না জানতে চাইলে তিনি উত্তেজিত আচরণ করেন। এ সময় এসি ল্যান্ডের আচরণ মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে এসি ল্যান্ডের নির্দেশে পুলিশ ডেকে এনে দুই সাংবাদিককে আটক করা হয় এবং তাদের হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আব্দুল আলীম আরও দাবি করেন, থানায় নেওয়ার পর তাঁর মোবাইল ফোন জব্দ করা হয় এবং হাতকড়া পরিহিত অবস্থায় ফোনের লক খুলে ভেতরের ছবি ও ভিডিও মুছে ফেলা হয়। পরে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার শর্তে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বলেন, দপ্তরের ভেতরে অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তাঁদের থানায় পাঠানো হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করেছে। এ ঘটনায় পুলিশের নিজস্ব কোনো ভূমিকা ছিল না।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কোনো ভুল হলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এভাবে হাতকড়া পরানো দুঃখজনক এবং নিন্দনীয়।’
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই সাংবাদিককে হাতকড়া পরানো অবস্থার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত