সকালেই কুমিল্লার সড়কে ৫ জন নিহত

Passenger Voice    |    ০২:৩০ পিএম, ২০২৬-০৪-০১


সকালেই কুমিল্লার সড়কে ৫ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কের দাউদকান্দি এলাকায় বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

একইদিন ভোরে রাতে বুড়িচংয়ের নিমসার বাজারে চলন্ত ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ছাড়াও চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরি চাপায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

দাউদকান্দিতে নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩) ও একই গ্রামের মোস্তফা(৫২)। বুড়িচংয়ে নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের হানিফের ছেলে জহিরুল ইসলাম (মঈন) (২৭) ও মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার খোদা বক্সের ছেলে সোহেল রানা (৩৫)। চান্দিনায় নিহত শিক্ষার্থী উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম। 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে পাঁচ জন নিহত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।