শিরোনাম
Passenger Voice | ১২:৩৩ পিএম, ২০২৬-০৪-০১
কুমিল্লার দাউদকান্দিতে লেংটার মেলা থেকে ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটস্থলেই বারেক (৪২) ও মোস্তফা (৪০) নামে দুজন নিহত ও আরও চারজন আহত হন।
বুধবার (১ এপ্রিল) ভোরে দাউদকান্দির কানড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা মতলব উপজেলার বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে বাড়ির দুই তিন কিলোমিটার কাছে এসে এই দুর্ঘটনার শিকার হন। নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন। এলাকায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।
নিহতরা উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের বাসীন্দা। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন।
আহতরা হলেন, মো. নবীর হোসেন (৩৮), পেশায় সিএনজি চালক। মো. কাওসার (৪০), প্রবাসী। ইসমাইল (৩৭), পেশায় সেলসম্যান এবং সিএনজি চালক মো. সাগর মিয়া (৩৫) তিনি দাউদকান্দি কদমতলী এলাকার বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঢাকাগামী যাত্রীবাহী অজ্ঞাত একটি বাস সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত