শিরোনাম
Passenger Voice | ০১:৩০ পিএম, ২০২৬-০৩-৩০
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। তবে কার্ড সংগ্রহের জন্য ভোর ৬টা থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেন গ্রাহকরা। এতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে গিয়ে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এর আগে, রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসনের এক সভায় জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
জেলা প্রশাসন আরও জানায়, আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হবে এবং প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে।
তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ‘ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহ শুরু হলে তেলপাম্পগুলোতে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে কালোবাজারি নিয়ন্ত্রণে আনা যাবে, ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা স্বাভাবিক হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত