সীতাকুণ্ডে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ লেজার লাইট

Passenger Voice    |    ১১:০৮ এএম, ২০২৬-০৩-৩০


সীতাকুণ্ডে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ লেজার লাইট

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের সীতাকুন্ডে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নিষিদ্ধ লেজার লাইট ব্যবহার করছে ট্রাফিক পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সীতাকুন্ড পৌরসদরে  ভয়ংকর জীবন বিধ্বংসী লাইট ব্যবহার করছে ট্রাফিক পুলিশ। আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ঝলমল ক্ষতিকারক এই নিষিদ্ধ লাইট অবলীলায় ব্যবহার করছেন।

সীতাকুন্ডের স্থানীয়রা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, সড়কে এই ধরনের লাইটের ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আইনে নিষিদ্ধ হওয়ার পরেও ট্রাফিক পুলিশের এহেন আচরণ দৃষ্টিকটু। তাদের আইনের আওতায় আনা উচিত।

পথচারী ও চালকরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, ক্ষতিকারক এই রশ্মি চোখে পড়ার সাথে সাথে চোখ ঝাপসা হয়ে যায়।এটি আমাদের শরীরে মারাত্বক প্রভাব ফেলবে।এছাড়া চিরতরে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ও থাকে।আর চালকরা মারাত্বক ক্ষোভ প্রকাশ করেন।লেজার লাইট ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে বলে জানান তারা।

নুর হাদীস নামের এক চালক প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, হঠাৎ করে এই লাল,নীল ঝলমলে বাতি চোখে পড়ার সঙ্গে সঙ্গে চোখ অন্ধকার হয়ে যায়। এরফলে তৎক্ষণাৎ ঘটে যায় দুর্ঘটনা। আমরা জীবনঘাতি এই লাইটের ব্যবহার বন্ধ দেখতে চাই।ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

সীতাকুন্ড ট্রাফিক সার্জেন্ট মাজহারুল  ইসলাম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আদালত কতৃক লেজার লাইট নিষিদ্ধ করা হয়েছে। যদি আমাদের কোন সদস্য ক্ষতিকারক লাইট ব্যবহার করে তাদের সতর্ক এবং অনুৎসাহিত করব। আমি নিজে হ্যান্ড লাইট ব্যবহার করি।আসলে নিষেধাজ্ঞার পর এই ধরনের লাইট ব্যবহার করা উচিত নয়।