ফিলিং স্টেশনে মারমুখী গ্রাহকরা,অসহায় কর্মীরা

Passenger Voice    |    ১১:০৬ এএম, ২০২৬-০৩-৩০


ফিলিং স্টেশনে মারমুখী গ্রাহকরা,অসহায় কর্মীরা

সরকারের বিভিন্ন উদ্যোগেও সুফল মিলছে না। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পেতে চালকদের লাইনে দাঁড়াতে হচ্ছে। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পর অনেক চালক তেল পাচ্ছেন, অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আবার কোথাও কোথাও চড়াও হচ্ছেন গ্রাহকরা। নিজেদের মধ্যে অথবা পাম্পের কর্মীদের ওপর মারমুখী হতেও দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি সামলাতে অনেক সময় অসহায় হয়ে পড়ছেন পাম্প সংশ্লিষ্টরা।

ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো তেল পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায়, তা কয়েক ঘণ্টা পরই শেষ হয়ে যাচ্ছে। উপায় না থাকায় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে প্রায় অভিন্ন চিত্র বিরাজ করছে বলে জানা গেছে। 

রবিবার (২৯ মার্চ) নড়াইলে তেল না পাওয়ায় ট্রাকচাপা দিয়ে পাম্পের ব্যবস্থাপককে হত্যা করারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চালক সুজাত মোল্যাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ ছাড়া অনেকেই তেল লুকিয়ে রাখছেন। তেল নাই লেখা পাম্প থেকেও তেল উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন। পাশাপাশি তেলের পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া নজরদারি চলছে। 

গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনে দেখা যায় মোটরসাইকেল চালক ও প্রাইভেট কারের চালকদের দীর্ঘ লাইন। তারা দীর্ঘ সারিতে অপেক্ষা করেন। অনেকেই জিয়া উদ্যানের সামনে লাইনে অপেক্ষা শুরু করেন। কিন্তু পাম্পের কিছু দূর আগে এসে জানতে পারেন তেল নেই। 

পাম্প অপারেটররা বলেন, ‘শনিবার শেষ রাতে তেল শেষ হয়ে গেছে। ডিপোতে গাড়ি গেছে তেল আনতে। না আসা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে হচ্ছে। গাড়ি কখন আসবে, জানি না। তারপরও চালকরা লাইনে দাঁড়িয়ে ছিলেন।’ 

জসিম উদ্দিন নামে এক চালক বলেন, ‘এভাবে লম্বা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছি না। কখন আসবে তাও জানি না।’ 

শুধু এই জসিম উদ্দিনই নন, পাম্প বন্ধ থাকার পরও সেখানে তেল কেনার অপেক্ষায় চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। 

তবে একই সময়ে আসাদগেটের আরেকটি পাম্প সোনার বাংলা ফিলিং স্টেশন চালকের চাহিদা মতো তেল বিক্রি করতে দেখা গেছে। চালকদেরও দীর্ঘ লাইন দেখা যায়। 

মোটরসাইকেল চালক রুবেল বলেন, ‘দুই ঘণ্টা ধরে অপেক্ষার পর তেল পেলাম। এভাবে চলা কঠিন। এর সমাধান হওয়া দরকার।’ 

অন্য চালকদেরও একই বক্তব্য আর কত ভুগতে হবে তেল নিতে। 

রাজধানীর বাইরে তেল পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। খবরের কাগজের ব্যুরো প্রধানও প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য জানা গেছে।

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ, চালক গ্রেপ্তার 
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। 

গতকাল দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু। ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার ঘটনার মূল হোতা ট্রাকচালক সুজাত মোল্যাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬। 

গতকাল বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাত ২টার দিকে ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে। 

রাজশাহীতে ডিপোতে বিজিবির কড়া নজরদারি 
রাজশাহী ব্যুরো জানায়, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাচার প্রতিরোধে জোর তৎপরতা চালাচ্ছে বিজিবি। গতকাল রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। 

তিনি বলেন, ‘গত ২৫ মার্চ থেকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েলের ডিপোগুলোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’ 

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে মোটরসাইকেলে তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহারসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ফরিদপুরে ‘তেল নাই’ লেখা পাম্পে ৫৪ হাজার লিটার তেল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি জানান, ‘তেল নাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড লাগিয়ে সরবরাহ বন্ধ করে ছিল ফরিদপুরের দুটি তেল পাম্প। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে তারা সদর উপজেলার ওই দুটি পাম্পে অভিযান চালিয়ে ৫৪ হাজার লিটার তেল পায়। এ অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ না করার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে অভিযান পরিচালনা করে ২৮ হাজার লিটার পেট্রল, অকটেন ও ডিজেল মজুত পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কানাইপুর এলাকায় রয়েল ফিলিং স্টেশন থেকেও ভোক্তাদের কাছে তেল বিক্রি না করা করার অভিযোগ পাওয়া যায়।

রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ শুরু
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে তেল চুরির অভিযোগে ট্যাংকলরির তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে গতকাল সকালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু করেন তারা। 

জামালপুরে বাড়িতে ১১০ লিটার তেল
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুতের অভিযোগে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে পৌর এলাকার চন্দেরবন এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাসুদ রানা মাতুনের (৩৫) বাড়িতে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। 

জয়পুরহাটে ডকুমেন্ট ছাড়া মিলবে না তেল
জয়পুরহাট প্রতিনিধি জানান, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রলপাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পাম্পমালিকদের সঙ্গে এক সভায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত জানায়। জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না। 

কালিয়াকৈরে ২ হাজার ৮৭০ লিটার ডিজেল জব্দ 
গাজীপুর প্রতিনিধি জানান, কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে জ্বালানি মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস মহাসড়কের পাশে দোকান মালিক আবুল হোসেনকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।