শিরোনাম
Passenger Voice | ১১:০০ এএম, ২০২৬-০৩-২৭
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মহানগরের রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এ ছাড়া শরিফুল ইসলাম জিন্নাহ-এর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত