শিরোনাম
Passenger Voice | ০২:৩৯ পিএম, ২০২৬-০৩-২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে। বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
ঢাকাগামী যাত্রী মিজান দেওয়ান বলেন, জরুরি কাজে বের হয়ে ছিলাম।বালুয়াকান্দি পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে পৌঁছাতে পারিনি।
ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক নুরুজ্জামান বলেন, বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেছি, তবু খুব বেশি স্বস্তি মেলেনি। গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবের কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে। হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত