মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চবি শিক্ষার্থী

Passenger Voice    |    ১১:৩২ এএম, ২০২৬-০৩-২৫


মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চবি শিক্ষার্থী

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জান্নাতুল বাকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি কক্সবাজারের ঈদগাঁও থানার তেলিপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল বাকিয়া কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। পথে পদুয়া এলাকায় বাস থামলে তিনি নিচে নামেন। পরে সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

সহপাঠীরা জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালির ওপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পায়ের হাড় ভেঙে গেছে। পাশাপাশি তিনি মাথায়ও আঘাত পেয়েছেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।