শিরোনাম
Passenger Voice | ১০:৫৬ এএম, ২০২৬-০৩-২৪
যশোর-মাগুরা মহাসড়কে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।
এ ঘটনায় আহত হয়েছেন জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। হতাহতরা সবাই যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মীয় বাড়ি থেকে বেড়ানো শেষে তারা মণিরামপুরে ফিরছিলেন। সোমবার রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি রাত ৩টার দিকে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গভীর রাতে প্রাইভেটকারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। যে কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত