শিরোনাম
Passenger Voice | ০৭:৪৯ পিএম, ২০২৬-০৩-১৮
আজ ২৮ রমজান। আগামীকাল ২৯ রমজানে চাঁদ দেখা গেলে আগামী শুক্রবার (২০ মার্চ), নতুবা ৩০ রোজা পূর্ণ হলে শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আবহকে সামনে রেখে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবার রাজধানী ঢাকাতেই ঈদের নামাজ আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তিনি সিলেট ও মৌলভীবাজারে একাধিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে। সেখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষ করে তিনি সেখানেই উপস্থিত মুসল্লি ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
ঈদের পরদিন ডা. শফিকুর রহমান তার নিজ এলাকা সিলেটে যাবেন। সেখানে সিলেট মহানগর ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক পৃথক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এসব অনুষ্ঠানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নিজ এলাকার এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সমাজসেবক ও প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত