শিরোনাম
Passenger Voice | ১২:২৪ পিএম, ২০২৬-০৩-১৭
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গতকাল সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রশাসক জানান, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকায় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ। রয়েছে পৃথক নামাজের ব্যবস্থা। তিনি বলেন, পুরো এলাকায় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য ফ্যান, লাইট ও এসি রাখা হয়েছে।
বৃষ্টি মোকাবিলায় টানানো হয়েছে শামিয়ানা। পানি দ্রুত নামানোর ব্যবস্থাও রাখা হয়েছে। আবহাওয়া খারাপ হলে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। প্যান্ডেলের ভেতরে একসঙ্গে প্রায় ১৪০ জনের অজুর ব্যবস্থা রাখা হয়েছে। থাকবে পর্যাপ্ত পানি। রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসাসেবা। রয়েছে ভ্রাম্যমাণ টয়লেট।
ময়দানে প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি ফটক। বের হওয়ার জন্য সাতটি ফটক। ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরো এলাকায় থাকবে কড়া নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিস।
প্রশাসক বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জামাতে অংশ নেবেন।’ তিনি আরও বলেন, ‘মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ নিরাপত্তার স্বার্থে ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত