ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Passenger Voice    |    ১০:৫১ এএম, ২০২৬-০৩-১৭


ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জনের মৃত্যু

লালমনিরহাটে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আজ সকালে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা নিশ্চিত করেছেন।