রেলপথে আজ থেকে ঈদযাত্রা শুরু

Passenger Voice    |    ১০:৫২ এএম, ২০২৬-০৩-১৩


রেলপথে আজ থেকে ঈদযাত্রা শুরু

রেলপথে আজ শুক্রবার থেকে ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হচ্ছে। আজ সকাল থেকে ঘরমুখী মানুষ রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছুটে যাবেন। তবে সড়কপথে কয়েক দিন আগে থেকে ঘরমুখী মানুষ তাদের গন্তব্যে ফেরা শুরু করেছেন। এদিকে আগামী ১৭ মার্চ থেকে ঢাকার সদরঘাট থেকে বিশেষ লঞ্চ ও স্টিমারে যাত্রীদের ঈদযাত্রা শুরু হবে।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রী ও সাধারণ নাগরিকদের জন্য গতকাল বৃহস্পতিবার বেশ কিছু নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে ঘরমুখী যাত্রীদের জন্য রেলপথ, সড়কপথ ও নৌপথে চলাচলসংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, গত ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ফলে সেই দিনের টিকিটে আজ ১৩ মার্চ থেকে শুরু রেলপথে যাত্রা শুরু হচ্ছে। অন্যদিকে ট্রেনে ২৩ মার্চের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সকাল ৮টা থেকে। এবারে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে শতভাগ টিকিট কিনতে হবে।

অন্যদিকে ৩ মার্চ থেকে দূরপাল্লার অনেক বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শেষ মুহূর্তের যানজট ও ভোগান্তি এড়াতে অনেকে সড়কপথে আগে গ্রামে চলে গেছেন এবং অনেক যাচ্ছেন। গতকাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে ঘরমুখী যাত্রীদের বেশ উপস্থিতি দেখা গেছে।

ঈদযাত্রার নিরাপত্তায় একগুচ্ছ পরামর্শ পুলিশের
গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘরমুখী যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

বাসচালকদের উদ্দেশে পুলিশ সদর দপ্তর বলেছে, ওভার স্পিডে গাড়ি চালাবেন না। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। বাসে অতিরিক্ত যাত্রী ওঠাবেন না। আঞ্চলিক সড়ক-মহাসড়কে চলাচলের সময় পুলিশের নির্দেশনা মেনে চলুন।

নৌপথের যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে উঠবেন না। ছাদে যাত্রী হয়ে ভ্রমণ করবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। যাত্রাপথে ঝড় দেখা দিলে এদিক-ওদিক ছোটাছুটি না করে নিজের জায়গায় অবস্থান করুন। স্পিডবোটে ভ্রমণের ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরিধান করুন।

ট্রেনযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন। ট্রেনে ভ্রমণকালে মালামাল নিজ দায়িত্বে রাখুন। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকুন।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার বা থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।