শিরোনাম
Passenger Voice | ০২:০৫ পিএম, ২০২৬-০৩-১১
দেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা কমেছে। গত ছয় মাসে ব্যাংকে ৭২১ জন এবং আর্থিক প্রতিষ্ঠানে ৪৯ জন নারী কর্মী কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যাংক ও আর্থিক খাতের নারী-পুরুষ সমতা বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬১ জন, যা গত বছরের জুন শেষে ছিল ৩৫ হাজার ৭৮২ জন। একই সময়ে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মী কমে ১ হাজার ১৯ জনে নেমেছে, যা জুন শেষে ছিল ১ হাজার ৬৮ জন।
বর্তমানে ৬১টি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর শেষে ব্যাংক ও আর্থিক খাতে মোট কর্মী ছিল ২ লাখ ১৮ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০৭ জন এবং নারী ৩৬ হাজার ৮০ জন। সে হিসাবে এ খাতে মোট কর্মীর প্রায় সাড়ে ১৬ শতাংশ নারী।
খাতসংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংকটে থাকা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ ও বন্ধের উদ্যোগ নেওয়ায় কর্মী ছাঁটাই ও স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে নারী কর্মীও রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ও আর্থিক খাতে কর্মরত নারীদের বড় অংশই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেন। গত বছর শেষে এসব ব্যাংকে নারী কর্মীর সংখ্যা ছিল ২২ হাজার ৯৮৩ জন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ৯ হাজার ১৪৭ জন, বিশেষায়িত ব্যাংকে ১ হাজার ৯৪৭ জন এবং বিদেশি ব্যাংকে ৯৮৪ জন নারী কর্মরত ছিলেন।
তবে পদভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে উচ্চপর্যায়ের পদে নারীর উপস্থিতি সবচেয়ে কম। এ পর্যায়ে নারী কর্মীর হার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত