সিলেট-সুনামগঞ্জ সীমান্তের ৬ রুটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Passenger Voice    |    ১১:৩৭ এএম, ২০২৬-০৩-১১


সিলেট-সুনামগঞ্জ সীমান্তের ৬ রুটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাদেশ-ভারত সীমান্তের ছয়টি রুটে অভিযান চালিয়ে দুই কোটি ৪৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি)। অভিযানে চোরাচালানির মালামাল পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তের বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি বিওপি কর্তৃক ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানি অভিযান চালায়।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জব্দ করা চোরাইপণ্যের মধ্যে ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পাটর্স, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশ বাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ রয়েছে। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি টাকা ৪৫ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়কের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।