গ্রামীণ বাজারদর জানতে ক্রেতার কাতারে বাণিজ্যমন্ত্রী

Passenger Voice    |    ১১:৩৪ এএম, ২০২৬-০৩-১১


গ্রামীণ বাজারদর জানতে ক্রেতার কাতারে বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে সিলেটে ফিরছিলেন বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এরপর ছিল সিলেটের জিলকার হাওরে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন। এই দুই অনুষ্ঠানসূচির বাইরে কোনো প্রোগ্রাম ছিল না। সিলেট ফেরার সময় মন্ত্রী হঠাৎ পথে একটি বাজারে নেমে পড়েন। সেখানে গ্রামীণ কয়েকটি দোকানে পণ্যের দাম যাচাই শুরু করেন। ক্রেতা সেজে গ্রামীণ বাজারদর যাচাইয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরানবাজারে মন্ত্রীকে দেখা গেছে ক্রেতার কাতারে। সাধারণ ক্রেতার মতো তিনি দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন। এ সময় তিনি বেশ কয়েকটি মুদি দোকানে পেঁয়াজ, তেল, আলু, ডাল, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন। গ্রামীণ বাজারে দাম স্থিতিশীল থাকায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

এর আগে মন্ত্রী মুক্তাদির মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগের মধ্যে সর্বপ্রথম সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ এলাকায় বিএনপির ইশতেহারে দেওয়া ফ্যামিলি কার্ড বিতরণ করেন। বিশ্বনাথের পুরানবাজারে নেমে কোনো শিডিউল ছাড়াই দোকানে দ্রব্যের দাম যাচাই করতে শুরু করেন তিনি। 

বাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজন সাধারণ ক্রেতা জানান, এভাবে আকস্মিক বাজার পরিদর্শন নিশ্চয়ই ইতিবাচক। প্রকৃত অবস্থা নিজেই যাচাই সম্ভব হয়েছে। মন্ত্রীর এভাবে বাজার পরিদর্শনে সিন্ডিকেট করারও কেউ সুযোগ পাবে না।