শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২৬-০৩-১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির প্রায় ১৫ কিলোমিটার অংশে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে তীব্র যানজট দেখা দেয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। তবে এমন পরিস্থিতি এড়াতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড ও ইলিয়টগঞ্জ অংশ পর্যন্ত প্রায়ই যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ঈদের আগে ও পরে এই ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়।
সরেজমিনে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘরে বিশৃঙ্খলা দেখা যায়। উল্টো পথে ইট ও বালুবাহী মিনি ট্রাক চলাচল করছে। পাশাপাশি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ বিচরণও চোখে পড়ে। মহাসড়কের পাশে যত্রতত্র পরিবহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন ফলের আড়ত ও দোকান, মহাসড়কের পাশে মালবাহী ট্রাক পার্কিং করা এবং ফুটপাত দখল করে অটোরিকশার স্ট্যান্ড ও ভাসমান দোকানের কারণে যান চলাচল বিঘ্ন হচ্ছে। এতে সামান্য চাপ বাড়লেই দ্রুত যানজট সৃষ্টি হচ্ছে।
পরিবহন চালকদের অভিযোগ, উল্টো পথে যান চলাচল ও অবৈধ পার্কিংয়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘ঈদের সময় এলে এই পথে চলতে গিয়ে আতঙ্ক কাজ করে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যাত্রীদের চাপ, আবার উল্টো পথে গাড়ি আসা সব মিলিয়ে চরম ভোগান্তি হয়।’
নোয়াখালীগামী একটি বাসের যাত্রী মিনয়ারা আক্তার বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাওয়া আনন্দের কথা। কিন্তু মুন্সীগঞ্জের মেঘনা ও কুমিল্লার দাউদকান্দি অংশে এলেই সেই আনন্দ মাটি হয়ে যায়। ছোট বাচ্চা নিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকা খুব কষ্টকর।’
তবে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে ও জেলা পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে পুলিশের সঙ্গে কাজ করবে। ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয় এজন্য উল্টো পথে যান চলাচল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও মডেল থানার সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত