শিরোনাম
Passenger Voice | ০২:১৪ পিএম, ২০২৬-০৩-০৮
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আজকে তাঁর একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের ব্যতিক্রম ঘটল। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’ প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারোই বুঝতে বাকি রইলো না যে, তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।
প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানালেন, আজ রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন।
প্রধানমন্ত্রী বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তাঁরা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে এ কথা বলেন তিনি।
আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তাঁর। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠানসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এছাড়াও কয়েকটি বৈঠক রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত