শিরোনাম
Passenger Voice | ০১:৩৯ পিএম, ২০২৬-০৩-০৮
দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার বেশ কয়েকটি জেলায় এ পরিস্থিতি দেখা যায়। পেট্রল পাম্প মালিকেরা জানিয়েছেন, দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে দেখা গেছে, প্রায় সব কটিই জ্বালানি শূন্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সকাল থেকেই নগরী ও উপজেলার পাম্পগুলোতে তেলের মজুত শেষ হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে। এর আগে শনিবার রাতেও নগরীর অনেক পাম্পের তেলের মজুত শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে তেলের জন্য এসেও ফিরে যেতে হচ্ছে ক্রেতাদের।
পাম্প মালিকেরা বলছেন, রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো থেকে দুপুরের আগে জ্বালানি তেল পাওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই পরিস্থিতি দেখা গেছে খুলনাতেও। নগরীর বেশ কয়েকটি পাম্পে তেল বিক্রি বন্ধ আছে। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। সপ্তাহের প্রথম দিনই তেল কিনতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন তাঁরা।
খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মাহাবুবুর রহমান বলেন, ‘হুট করে মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে। তবে আমরা সরকারনির্ধারিত পরিমাণের বাইরে তেল বিক্রি করছি না। ডিপো থেকেও আগের মতো চাহিদা অনুযায়ী গাড়ি পাওয়া যাচ্ছে না।’
এদিকে জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে যশোরের বেনাপোল সীমান্ত এলাকার পাঁচটি পেট্রল পাম্প। একাধিক পাম্প ঘুরেও তেল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন গাড়িচালকেরা। গোপালগঞ্জ শহরের ছয়টির মধ্যে চারটি পাম্পেই জ্বালানি সরবরাহ বন্ধ। ফলে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে ক্রেতাদের।
জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেল, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনচালক ও সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত