দিনদুপুরে অটোভ্যান ছিনতাই, চালকের আহাজারি

Passenger Voice    |    ০১:০৯ পিএম, ২০২৬-০৩-০৭


দিনদুপুরে অটোভ্যান ছিনতাই, চালকের আহাজারি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে উঠে মাঝপথে আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানটি ছিনিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ভ্যানচালক আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে। ভুক্তভোগী আকালু মিয়া বলেন, আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাতাম। এখন আমি কীভাবে খাব, সমিতির কিস্তি কী দিয়ে দেব? আমি এখন অসহায়।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বৃদ্ধ আকালু মিয়া মাটিতে গড়াগড়ি করে আহাজারি করছেন। এরপর থেকে শুরু হয়েছে নেটিজেনদের আলোচনা ও সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর পাওয়ার পর পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে। তবে ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোনো ধরনের ফুটেজ পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ছিনতাইকারীকে শনাক্ত করতে।