শিরোনাম
Passenger Voice | ০৩:১১ পিএম, ২০২৬-০৩-০৬
বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবেশগত উদ্বেগের কারণে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে জ্বালানি সাশ্রয় এখন প্রধান বিবেচ্য বিষয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ী গাড়ি তৈরির দৌড়ে অন্যান্য সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে হোন্ডা। ‘২০২৫ অটোমোটিভ ট্রেন্ডস রিপোর্ট’ অনুযায়ী, গাড়ি নির্মাতাদের মধ্যে হোন্ডা বর্তমানে সবচেয়ে বেশি মাইলেজ দিচ্ছে।
ইপিএর তথ্যানুযায়ী, ২০২৪ মডেলের গাড়িগুলোর মধ্যে হোন্ডা গড়ে প্রতি গ্যালন জ্বালানিতে ৩১ মাইল পথ অতিক্রম করেছে। এটি অটোমোবাইল শিল্পের গড় মাইলেজের চেয়ে প্রায় ৩.৮ মাইল বেশি। উল্লেখ্য যে, এই তালিকায় কেবল সেসব প্রতিষ্ঠানকে রাখা হয়েছে যারা একই সঙ্গে পেট্রল ও বৈদ্যুতিক উভয় ধরনের গাড়ি তৈরি করে। হোন্ডার এই সাফল্য হঠাৎ করে আসেনি। প্রায় পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে কাজ করছে। ১৯৭৬ সালে যখন প্রথমবারের মতো এই তালিকা করা হয়েছিল, তখনো হোন্ডা সিভিক ছিল তালিকার শীর্ষে।
হোন্ডা শুধু জ্বালানি সাশ্রয় নিশ্চিত করেনি, বরং গাড়ির দামও সাধারণ ক্রেতাদের নাগালে রেখেছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, একটি নতুন হোন্ডা গাড়ির গড় বিক্রয়মূল্য প্রায় ৩৫ হাজার ডলার। এটি এই শিল্পের অন্যান্য ব্র্যান্ডের গড় দামের চেয়ে প্রায় ১০ হাজার ডলার কম। অর্থাৎ, সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়াই হোন্ডার মূল কৌশল।
বর্তমানে হোন্ডা তাদের হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির পরিধি আরও বাড়াচ্ছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে তাদের বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো তাদের বিক্রির সংখ্যা ৪ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এর মধ্যে সিআর-ভি, অ্যাকর্ড ও সিভিক মডেলের হাইব্রিড সংস্করণগুলো ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।
যুক্তরাষ্ট্রে হোন্ডার ১২টি বড় উৎপাদন কারখানা এবং ২১টি গবেষণা কেন্দ্র রয়েছে। স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন এবং উন্নত প্রযুক্তিতে বিনিয়োগের ফলেই তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকছে। ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন তৈরিতে হোন্ডা এখন বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে কাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত