যুদ্ধের শঙ্কায় পাম্পে ভিড়

Passenger Voice    |    ১০:১০ এএম, ২০২৬-০৩-০৬


যুদ্ধের শঙ্কায় পাম্পে ভিড়

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে সমস্যা বা দাম বাড়তে পারে–এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রল পাম্পে হঠাৎ করে ভিড় বেড়ে গেছে। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে পাম্পে ছুটছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে দেখা যায়, তেল নিতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেক জায়গায় এই সারি পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত চলে গেছে। এতে যান চলাচলেও কিছুটা বিঘ্ন দেখা যায়।

পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমানোর বিষয়ে কোনো সরকারি নির্দেশনা নেই। কিন্তু যুদ্ধের আশঙ্কা ও বিভিন্ন গুজবের কারণে অনেকেই গাড়ির ট্যাংক পুরো ভরে নিচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় তেলের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে।

এভাবে বাড়তি তেল কেনার প্রবণতার কারণে অনেক পাম্পে সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘খামোখা মানুষ উত্তেজনা দেখিয়ে বাড়তি তেল কিনে সংকট তৈরি করছে। এইভাবে তেল কিনে নিয়ে গেলে যার জন্য তেল কেনা জরুরি ছিল–সে তেল পাবে না। প্রত্যেকটা পাম্পে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয়। এখন যদি হঠাৎ সবাই বাড়তি তেল কিনতে শুরু করে, তাহলে সংকট হওয়া স্বাভাবিক।’

 

প্যা.ভ.ম