প্রধানমন্ত্রী সাধারণ নিয়মে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন

Passenger Voice    |    ১১:৪৭ এএম, ২০২৬-০৩-০৪


প্রধানমন্ত্রী সাধারণ নিয়মে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জনাব তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে সাধারণ নিয়মে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। গত ১৪ দিনের একটি পরিসংখ্যানে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫.৩ কিলোমিটারে বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনুসরণ করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এখন ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন, ফলে জনদুর্ভোগ কমেছে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসছে।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে দেখা যায়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।

রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কিনা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। 

প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।