শিরোনাম
Passenger Voice | ০৩:২৪ পিএম, ২০২৬-০৩-০১
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট কেনার অফার ঘোষণা করেছে। যাত্রীরা সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট কিনতে পারবেন। শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। রবিবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এই অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে এসে টিকিট কিনতে হবে। ছয় মাসের সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে প্রতিষ্ঠানটি।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।
এছাড়া সর্বনিম্ন মাত্র ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও অফার রয়েছে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরণের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে। অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি কিনতে হবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত