ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ

Passenger Voice    |    ০১:৫০ পিএম, ২০২৬-০৩-০১


ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে—সেই কারণে বিশেষ করে ঢাকা সিটিতে এক লাখ ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) তৈরি করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ওই সময়ে (ভূমিকম্প) লোকজনকে সরিয়ে নিতে ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করার জন্য আমাদের বলা হয়েছে এবং আরও কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক কি শুধু ঢাকার জন্য থাকবে—এমন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, এটা ঢাকা শহরে এক লাখ। যেভাবে ভলান্টিয়ার কোস্টাল এরিয়ার মধ্যে আছে, ঠিক একই মডেলে আমরা ঢাকায় করবো—সেটা নিয়ে আমরা কাজ করছি।

আসাদুল হাবিব দুলু বলেন, কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী ১১ তারিখ আবার বসে এটার ফলোআপ দেবো।

ভূমিকম্প হলে উদ্ধার সক্ষমতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ক্যাপাবিলিটি বিল্ড-আপের জন্যই আলোচনাগুলো হচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেগুলো ইকুইপমেন্ট (সরঞ্জাম) আমরা প্রকিউরমেন্ট (সংগ্রহ) করেছি, এগুলো আর্মড ফোর্সেস ডিভিশনে আমরা দিয়েছি, কিছু ফায়ার সার্ভিসকে দিয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা কি জানতে চাইলে আসাদুল হাবিব বলেন, ১৮০ দিনের একটা পরিকল্পনা আছে, আমাদের মধ্যে যেগুলো আওতাভুক্ত সেটা আমরা করবো।

প‌্যা.ভ.ম