ঢাবি ছাত্রদল নেতা হামিমকে শোকজ, বললেন ‘লিখিত জবাব দেব না’

Passenger Voice    |    ০৩:০৭ পিএম, ২০২৬-০২-২৮


ঢাবি ছাত্রদল নেতা হামিমকে শোকজ, বললেন ‘লিখিত জবাব দেব না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কবি জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার রাতে সংগঠনের তরফে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে হামিম লিখিতভাবে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তবে রাত ১টার দিকে ফেইসবুকে দেওয়া এক ভিডিওতে তিনি বলেছেন, নোটিসের জবাব তিনি দেবেন না। গেল সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস প্রার্থী হয়ে পরাজিত হন হামিম।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে তাকে যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে, তাতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।”

এর পরিপ্রেক্ষিতে ফেইসবুকে ভিডিও দেন হামিম। সেখানে তিনি বলেন, “আমি জানতে পারলাম যে গতকালকে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি।

“সেই ইফতার মাহফিল কেন করলাম, সে কারণেই নাকি আমাকে শোকজ করা হয়েছে। এই কাজের কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মী যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে এই অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং এই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।” হামিম বলেন, “তারা বলেছে লিখিত জবাব দিতে। আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম। কিন্তু আমি লিখিত জবাব দেব না।”

তার দাবি, এমন কোনো বড় অন্যায় তিনি করেননি যে তাকে ব্যক্তিগত কারণ দর্শানোর নোটিস পাঠানো যাবে না, সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের একটি কারণ দর্শানোর নোটিস দিতে হবে। সারাদেশের মানুষ তাকে ফোন করছে দাবি করে হামিম বলেন, “সারা বাংলাদেশের মানুষ এখন জানতে চাচ্ছে, কী এমন অন্যায় করেছি।

“যদিও আমি এখনও পর্যন্ত জানি না কেন শোকজ করা হয়েছে এবং আমি কিন্তু তখনই তাৎক্ষণিক এটি যখন পেলাম, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ‘ভাই কী কারণে আমাকে শোকজ করা হয়েছে? সেটাই তো জানি না, উত্তরটা দেব কী’?”