রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,দীর্ঘ যানজট

Passenger Voice    |    ০২:২৪ পিএম, ২০২৬-০২-২৮


রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।

শ্রমিকেরা জানান, কারখানাটিতে ২ হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তাঁরা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েক দিন ধরে আশ্বাস দিয়ে টালবাহানা করছে। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে কয়েক দিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টায় বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করে। কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত মীমাংসা না হওয়ায় শ্রমিকেরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।